হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পথে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এদিন সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কনসেশন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হতে পারে। চুক্তি কার্যকর হওয়ার পর জাপানি কনসোর্টিয়ামটি প্রায় আট মাসের মধ্যে ধাপে ধাপে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে।
এ সময় প্রয়োজনীয় পরিচালনাগত সহায়তা দেবে বেবিচক। প্রাথমিক পর্যায়ে পরিচ্ছন্নতা ও যাত্রী ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো নিশ্চিত করবে সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়।
চুক্তির আর্থিক শর্ত অনুযায়ী, অন্তর্বর্তী ছয় মাসে জাপানি কনসোর্টিয়ামের কাছ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ রাজস্বের অংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে যাত্রীপ্রতি ২ দশমিক ১০ মার্কিন ডলার দেবে অপারেটর। যা যাত্রী রাজস্বের ২০ শতাংশের সমতুল্য। কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি টনে ১১ দশমিক ৫০ ডলার দেওয়ার শর্তও রয়েছে। এ ছাড়া কনসেশন স্বত্বের বিপরীতে অপারেটর প্রতিষ্ঠানকে এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা আপফ্রন্ট ফি দিতে হবে।
গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়েও চুক্তিতে সমঝোতা হয়েছে। তৃতীয় টার্মিনাল থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশের দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাথমিক পর্যায়ে অবশিষ্ট সেবার জন্য নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলার।
তবে নতুন টার্মিনাল ব্যবহারকারী বহির্গামী যাত্রীদের গুনতে হবে বাড়তি মাশুল। চুক্তিতে যাত্রীপ্রতি এমবার্কেশন বা বহির্গমন ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ খাতে যাত্রীপ্রতি ৫০০ টাকা নেওয়া হয়। ফলে তৃতীয় টার্মিনালে এ ফি বর্তমানের তুলনায় তিন গুণেরও বেশি হবে।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করে। করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশেষ ব্যবস্থায় নির্মাণকাজ অব্যাহত রাখা হয়। কাজের অগ্রগতি ৯৯ শতাংশের বেশি হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়। তবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দীর্ঘদিনের আলোচনা এবং চুক্তি চূড়ান্ত না হওয়ায় এত দিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের সুবিধা রয়েছে। যাত্রীদের জন্য রাখা হয়েছে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্ট, অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট এবং ১০০টি চেক-ইন কাউন্টার। এ ছাড়া রয়েছে ১০টি সেলফ চেক-ইন কিয়স্ক, আধুনিক ব্যাগেজ ব্যবস্থাপনা, এয়ারলাইনস লাউঞ্জ, ডে-রুম, মুভি লাউঞ্জ, শিশুদের খেলার জায়গা ও ফুড কোর্ট।
যাত্রীসেবার মান বাড়াতে টার্মিনালটিতে বেবি কেয়ার লাউঞ্জ, ব্রেস্ট ফিডিং বুথ, ফার্স্ট এইড রুম, হেলথ ইন্সপেকশন রুম ও আইসোলেশন সুবিধা রাখা হয়েছে। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য স্থাপন করা হয়েছে স্ট্রেইট এক্সকেলেটর। পাশাপাশি যুক্ত করা হয়েছে আধুনিক রাডারসহ উন্নত আকাশ নিরাপত্তাব্যবস্থা।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বেড়ে প্রায় ২ কোটিতে উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আজ রোববার বেবিচক সদর দপ্তরে এক ব্রিফিংয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সম্পাদিতব্য চুক্তির বিভিন্ন শর্ত, আর্থিক বিষয়াদি এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।
এমআইকে/এএম




