দেশের গ্রামীণ এলাকায় নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণে প্রায় ৯ লাখ পরিবারকে ঋণ সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ সহায়তায় পরিবারগুলোতে নিরাপদ টুইন-পিট টয়লেট নির্মাণ করা হয়েছে। একই সময়ে প্রায় দেড় লাখ গ্রামীণ পরিবারে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
পিকেএসএফের বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের আওতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অনুযায়ী সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) গাজীপুরের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। পিকেএসএফ ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের উপস্থিত ছিলেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
এর আগে, ২৭ নভেম্বর কর্মশালার উদ্বোধন করেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। এ সময় প্রকল্পের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ও বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুল মতীন।
কর্মশালায় পিকেএসএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
এএইচ/এএম




