দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে মাঠে নেমেছে গোয়েন্দারা। এসব ঘটনায় দেশের বাইরে থেকে অনলাইনে নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে আসায় নাশকতার পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের শনাক্তে ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ ও নজরদারি জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে অবস্থান করে দেশে থাকা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত অনলাইন বৈঠক করছেন। এসব বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। কোন এলাকায় কতটি বাড়িতে আগুন দেওয়া হবে, কখন হরতাল বা অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে, সেসব নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী দেশে থাকা নেতা-কর্মীদের একটি অংশ নাশকতায় জড়াচ্ছে বলে মনে করছেন গোয়েন্দারা।
গত সোমবার রাতে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাতেও আওয়ামী লীগের কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে দুর্বৃত্তদের কাজ বলে প্রচার করা হলেও এর পেছনে কারা রয়েছে, তা তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গত এক মাসে ঢাকায় যেসব বাসে আগুন দেওয়া হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদের খোঁজ করা হচ্ছে। ডিবির একাধিক সূত্রের দাবি, এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতার বিরুদ্ধে সেখান থেকে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত একটি ভার্চ্যুয়াল বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন অংশ নেন বলে জানা গেছে। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই বৈঠকের একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে শোনা যায়। একই সঙ্গে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর শারীরিক নির্যাতন এবং প্রয়োজনে হত্যার কথাও বলতে শোনা যায় তাকে। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা যায়। তবে অডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
তিন আওয়ামী লীগ নেতার ওই অডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকা থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার করে পলাতক নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক, যোগাযোগ ও কথোপকথনের তথ্য পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব যোগাযোগে ব্যবহৃত নম্বরগুলোর বেশিরভাগই ভারতের বলে জানা গেছে। তবে নম্বরগুলো ভারত থেকে, নাকি অন্য কোনো দেশে অবস্থান করে ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত হতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব গত মঙ্গলবার এক অনলাইন লাইভে ১৮ নভেম্বর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন। যদিও দিনভর তার ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন প্রভাব দেখা যায়নি। এর আগে ১০ নভেম্বরও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
ওই কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ৯ নভেম্বর রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ১৪ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গোয়েন্দা সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ছোটখাটো কর্মসূচি ও আন্দোলনেও তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করছেন গোয়েন্দারা।
পুলিশ প্রশাসনের ভেতরেও কেউ কেউ এমন পরিকল্পনায় জড়িত কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে চট্টগ্রামের পুলিশ সুপার জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে তার বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা সূত্রের আরও দাবি, দুবাইয়ে অবস্থানরত সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব রাজধানীতে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছেন। দেশের বিভিন্ন এলাকায় কে কোথায় ককটেল বিস্ফোরণ ঘটাবে, কোন যানবাহনে আগুন দেওয়া হবে কিংবা কোথায় সভা-সমাবেশ করা হবে-এসব বিষয়ে পলাতক নেতাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি কামারুম মুনিরা ঢাকা মেইলকে বলেন, ‘সম্প্রতি দেশের কয়েকটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিদেশে বসে অনলাইনে নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর সত্যতা যাচাই করা হচ্ছে। দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নকারী এবং দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা প্রদানকারীদের নজরদারি ও ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নাশকতার পরিকল্পনার বাস্তবায়ন শুরু গোপালগঞ্জে
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। সেদিন সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করে শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় তারা। মিছিলে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, পুলিশের সাঁজোয়া যান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। সরকারি কলেজের নামফলক পরিবর্তন করে আগের নামের ব্যানার লাগানো হয়। শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
তবে দিনের সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে টুঙ্গিপাড়ায়। স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জসিম শেখের বাড়ি, বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তার নিচতলার দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ লুট করা হয়। বিএনপির সহযোগী সংগঠনের কার্যালয়, পৌর ছাত্রদল নেতার বাড়ি এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় সরকারের টলারেট করার কোনো কারণ নেই।
এমআইকে/এমআর




