রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মীসহ সর্বমোট ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৬৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমপি জানায়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
এমআইকে/এসআই




