শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন
রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন।

রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বর সেকশনে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ, শীলবান ও বিনয়ী ভিক্ষুকে বিহারের অধ্যক্ষ হিসেবে নিয়োগ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘ ও জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিহার পরিচালনার জন্য নতুন কমিটি গঠন এবং বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা।

মানববন্ধনে লিখিত বিবৃতিতে বলা হয়, ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে এবং ঢাকায় বসবাসরত তৎকালীন পার্বত্য বৌদ্ধ সমাজের প্রচেষ্টায় পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং তাঁদের জন্য একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার নির্মাণ ছিল সংগঠনটির অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় মিরপুর-১৩ এলাকায় পাওয়া জায়গায় ১৯৮৩ সালে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তের দেশত্যাগের পর থেকে বিহার ও সংঘের সম্পত্তি নিয়ে নানা বিরোধ ও অনিয়মের অভিযোগ ওঠে। এর ফলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিহারের মূল ভবন নির্মাণ সম্ভব হয়নি।

মানববন্ধনে পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরের বিরুদ্ধে সংঘের সম্পত্তি ব্যক্তিস্বার্থে ব্যবহার, আর্থিক অস্বচ্ছতা, বিভিন্ন অনিয়ম এবং বিহার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়।  এসব অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে এখন কোনো কথা বলবেন না।’

মানববন্ধনে শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নিকোলাস চাকমা বলেন, চার দশকের বেশি সময় পার হলেও প্রত্যাশিত বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়নি। বরং বিহারের জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

সংঘের আর্থিক হিসাব ও সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে নিকোলাস চাকমা বলেন, বিহার নির্মাণের উদ্যোগ নেওয়ার পর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, হুমকি এবং কমিটির সদস্যদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগও করা হয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৌদ্ধ বিহারের বিশিষ্ট দায়ক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ান বলেন, প্রজ্ঞানন্দ মহাথেরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এসব অভিযোগ ধর্মীয় বিধান অনুযায়ী পর্যালোচনার জন্য ভিক্ষু সংঘের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, অভিযোগগুলো উপেক্ষা করার সুযোগ নেই। ভিক্ষু সংঘের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিহার পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির সদস্যসচিব শুভাশীষ চাকমা বলেন, বৌদ্ধ সমাজের চারটি ভিত্তি হলো ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক ও উপাসিকা। এই চার ভিত্তিকে ধারণ করেই একটি পূর্ণাঙ্গ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমা। সঞ্চালনা করেন কমিটির সহ-আহ্বায়ক মিতায়ন চাকমা। এ সময় আরও বক্তব্য দেন সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক উৎপল দেওয়ান, কমিটির সহসদস্যসচিব পলিটন খীসা ও সদস্য নীতিমুনি চাকমা।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর