আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চারটি প্যাকেজে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কেনা হবে। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার (২৬ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আমদানির প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটিতে সরবরাহের দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
মোট আমদানির মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
বিপিসির প্রস্তাব অনুযায়ী, পিজি-০৩ প্যাকেজের আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। প্যাকেজটিতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হওয়ার পর যাচাই-বাছাইয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়।
একই বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। গত বছরের ডিসেম্বরে একই দেশ থেকে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ ডলারে কেনা হয়েছিল। ফলে এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। এতে বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
এ ছাড়া খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের কাজের দায়িত্ব পেয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৮২ কোটি টাকার চিনি ও মসুর ডাল কেনা হবে।
পাশাপাশি কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এআর




