বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট আদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট আদেশ

বিদ্যুৎ বিতরণের বিপরীতে প্রায় ৪৭ কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ না করার অভিযোগে রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের চূড়ান্ত আদেশ জারি করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।

বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা হিসেবে ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করে এ আদেশ জারি করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত রহিম এনার্জি লিমিটেড বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ বিতরণ করলেও সরকারি কোষাগারে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা ভ্যাট জমা দিয়েছে।

এ সময়ে প্রতিষ্ঠানটির মোট সেবামূল্যের পরিমাণ ছিল ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা। এর বিপরীতে ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা। জমা দেওয়া ভ্যাট বাদ দেওয়ার পর অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা।

এই অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম ও ভ্যাট ফাঁকির মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আহ্বান জানানো হলেও তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পক্ষের শুনানি শেষে অপরিশোধিত ভ্যাট ও জরিমানা মিলিয়ে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়েছে।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর