তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে আগামী ডিসেম্বর মাসে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে সংস্থাটির আওতাধীন ২৪টি থানার দল।
ডিএসসিসি জানায়, মূল প্রতিযোগিতার জন্য আওতাধীন ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করা হবে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে আলাদা ‘নারী ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। এতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুলছাত্রীরা অংশ নেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী আয়োজনকে নগরবাসীর জন্য উৎসবমুখর করতে আতশবাজি, কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।’
আয়োজকরা জানান, টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা। দল গঠনের ক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হবে।
ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার তারিখ নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়। যাতে রাজনৈতিক কর্মসূচি ও টুর্নামেন্টের আয়োজনের মধ্যে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে এ আয়োজন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এম/এএম




