শিশু-কিশোরদের খেলার উপযোগী করার লক্ষ্যে রাজধানীর ছয়টি মাঠ ঘুরে দেখল সরকারের গঠিত উচ্চ পর্যায়ের পরিদর্শন দল।
শনিবার (১৮ এপ্রিল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে দলের সদস্যরা মাঠগুলো পরিদর্শন করেন।
এদিন দুপুরে রাজধানীর মিরপুরের কালসি এলাকায় স্থানীয় একটি খেলার মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরে টিএনটি মাঠ, হাতিরঝিল মধুবাগ, বাসাবো বালুর মাঠ, গোলাপবাগ ও ধুপখোলা খেলার মাঠও সরেজমিনে ঘুরে দেখেন সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে টিমের সদস্যরা দখলমুক্ত এবং সংস্কার করে মাঠগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
পরিদর্শন দলে অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস ছালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। সরকারি বহর ব্যবহার না করে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা একসঙ্গে একটি মিনিবাসে করে মাঠগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনে সংশ্লিষ্টরা জানান, নগর ও গ্রামাঞ্চলে পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করা হবে।
পরিদর্শনকালে মিরপুরের ইসিবি চত্বরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা রাজধানীর মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলার পদক্ষেপের অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শনে নেমেছি। এ জন্য যেহেতু সংশ্লিষ্ট সব সংস্থার সহায়তা প্রয়োজন তাই ওইসব দফতর প্রধানদের সঙ্গে নিয়ে আমরা মাঠগুলো দেখতে এসেছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মাঠগুলোর সমস্যার ওপর বাস্তবভিত্তিক সমাধান কী নেওয়া যায় তা দেখছি এবং সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
আমিনুল হক বলেন, রাজধানীর সব এলাকায় কীভাবে অন্তত একটি করে খেলার মাঠ প্রস্তুত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মসূচি প্রণয়ন করছি এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।
এএম/ক.ম




