রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়।
‘ভিডিওটিতে ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনার কথা উল্লেখ করা হলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই।’
ডিসি আকতার বলেন, ডিএমপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এমআইকে/এএম




