বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত—তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে এ বার্তা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত এ মহড়া একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

সরকারপ্রধান বলেন, ‘এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।’
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। পরে তিনি তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান।
মহড়ার মূল প্রতিপাদ্য ছিল শত্রুপক্ষের দখলে থাকা খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপ পুনরুদ্ধার। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা পুনরুদ্ধারের কৌশলগত অনুশীলনে স্থল, নৌ ও আকাশপথে একযোগে অভিযান পরিচালনা করেন তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা।

মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ এবং শত্রুর ঘাঁটি লক্ষ্য করে অবস্থান নেওয়ার মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। নৌ-কমান্ডোদের অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধে শত্রুর দুর্গ গুঁড়িয়ে দেওয়ার কৌশল প্রদর্শন করেন সেনা কমান্ডোরা। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন। এ সময় তিনি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপ ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও হয়েছে। তবে এবারই প্রথম তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এ ধরনের যৌথ মহড়া অনুষ্ঠিত হলো।
জেবি




