মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন শতাধিক কর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন শতাধিক কর্মী
ফাইল ছবি

বিমানের প্রথম ফ্লাইটে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবে ফ্লাইটটি।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন এই ১১২ জন কর্মী। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী জানান, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে সরকার। তাদের মধ্যে এক হাজার জন হলেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য এবং বিগত বছরগুলোতে গুম-খুনের শিকার পরিবারের সদস্য।

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এই নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়।

তবে দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন অনুপস্থিত ছিলেন। ফলে শূন্য থাকা সুযোগ পূরণে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে পরে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেয় কর্তৃপক্ষ।

পরে গত ১৪ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো আয়োজনটি বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর