নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ দুই ব্যক্তিরই মৃত্যু হয়েছে।
সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রঞ্জিত (৪৫)।
এর আগে, গত শনিবার (২১ নভেম্বর) একই ঘটনায় দগ্ধ পাশা (৪০) মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার রঞ্জিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ নভেম্বর রাত ২টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রঞ্জিত ও পাশা গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ এবং পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া দুজনেরই শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল (ইনহেলেশন ইনজুরি)। তাঁদের শারীরিক অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হলো।
এমএমআর/এএম




