রাজধানী হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ দুজন। দগ্ধরা হলেন- ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও মোছা. ফরিদা বেগম (৪০) তাদের মধ্যে উর্মি ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন।
এই ঘটনায় পারভিন আক্তার (৫০) নামের ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি আহত উর্মির মা। নিহতের স্বামীর নাম মনোয়ার হোসেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং ফরিদা বেগমকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। ফাতেমা আক্তার ঊর্মিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ ফরিদার ছেলে রুবেল জানান, হাজারীবাগের বটতলা মাজার এলাকায় অষ্টমতলা বাসার দ্বিতীয় তলায় আমার মা ফরিদা বেগম আরবি পড়াতো। আজ এমনিতেই ঐ বাসায় বেড়াতে গিয়েছিল। ওই সময় পারভীন আক্তার নামের একজন রান্নাঘরে ছিল ওই সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হয়। আমার মায়ের অবস্থা খুব খারাপ আমার মাকে বাঁচান ভাই। আমাদের বাসা হাজারীবাগের বটতলার মাজার এলাকায়।
রুবেল আরও জানান, আহত উর্মি নিজেই ফোন করে আমাকে বলে ভাই তোমার মা একটু অসুস্থ , তাড়াতাড়ি হাসপাতালে আসো। পরে আমি আর আমার বোন ঢামেকে ছুটে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ফাতেমা আক্তার ঊর্মি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বার্ন ইউনিটে ভর্তি ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাক্তার হারুন অর রশিদ জানান, হাজারীবাগ থেকে আমাদের এখানে একজন এসেছে, তার নাম ফরিদা বেগম। তাকে ভর্তি দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এখন তার ড্রেসিংয়ের কাজ চলছে। তার কত শতাংশ পুড়েছে, এখনো বলা যাচ্ছে না।
এমএমআর/এএইচ



