সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোটার নিবন্ধন: বায়োমেট্রিক দিতে ৬ মাস, না দিলে আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ভোটার নিবন্ধন: বায়োমেট্রিক দিতে ৬ মাস, না দিলে আবেদন বাতিল
নাগরিকদের এনআইডি সেবা প্রদান করে আসছে নির্বাচন কমিশন (ইসি)।

অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করার পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য দিতে হবে আবেদনকারীকে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য দিতে উপস্থিত না হলে সংশ্লিষ্ট আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ ব্যবস্থা চালুর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম জানান, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ২১ লাখ ৭০ হাজার ৭৯৭টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের (২১ নভেম্বর) এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে গেজেট প্রকাশ করা হয়।

অন্যদিকে ওই সভায় এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার (কারিগরি) জানিয়েছেন, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষিত মোট ৭ কোটি ১০ লাখ, ৫৩ হাজার ৮৩৫টি ভোটার নিবন্ধন ফরম-২-এর মধ্যে ৫ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ৭৪৪টি স্ক্যান এবং অক্টোবর ২০২৬ পর্যন্ত ৫ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬৬৪টি ফরম আপলোড করা হয়েছে।

এ ছাড়া অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন দাখিলের পর আবেদনকারী ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য উপস্থিত না হলে সংশ্লিষ্ট আবেদন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বৈঠকে।

বৈঠকে তিনি আরও জানান, ইতোমধ্যে ফরম-২ যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনা রয়েছে। 

এছাড়াও উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস ভবন মেরামত সংক্রান্ত তথ্য এন্ট্রি করার জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কাজ শেষ হয়েছে। সেবা অধিশাখায় ইতোমধ্যে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে চালু আছে বলেও জানান সিস্টেম ম্যানেজার।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর