হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরের ভেতরে লুকানো ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
সিআইআইডি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের (এফজেড-৫০১) ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: B00901521) গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সব লাগেজ স্ক্যান করা হয়।
পরে শরীরে অবৈধ কোনো পণ্য লুকিয়ে আনা হয়েছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা ২ কেজি ১০৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
এমআর/এফএ




