জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শেফ কিশওয়ার চৌধুরীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কিনোকুনিয়া বাংলাদেশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত কিনোকুনিয়া বাংলাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তাঁর ভক্ত, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা সরাসরি তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পান।
‘অ্যান আফটারনুন উইথ মাস্টারশেফ কিশওয়ার চৌধুরী’ শীর্ষক অনুষ্ঠানে নিজের মাস্টারশেফ হয়ে ওঠার গল্প, রান্নার প্রতি ভালোবাসা, আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশি খাবার নিয়ে ভাবনা তুলে ধরেন কিশওয়ার। অনুষ্ঠানে বিশেষ আলোচনা, অতিথিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি সরাসরি সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ ছিল।
আলোচনায় কিশওয়ার জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পারিবারিক রান্না কীভাবে তাঁর কাজকে প্রভাবিত করেছে। ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’য় অংশ নেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি খাবার তুলে ধরার গল্পও শোনান তিনি। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিরা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।
‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ২০২১ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বজুড়ে পরিচিতি পান কিশওয়ার চৌধুরী। বিশেষ করে বাংলাদেশের পরিচিত খাবারগুলো আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। তাঁর রান্নায় বাংলাদেশের সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য ও আধুনিক উপস্থাপনার সুন্দর সমন্বয় দেখা যায়।
কিনোকুনিয়া বাংলাদেশের এ আয়োজনের উদ্দেশ্য ছিল, পাঠকদের বইয়ের বাইরেও বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ও সফল ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও বিভিন্ন বিষয়ে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
জাপানের আন্তর্জাতিক বইয়ের দোকান চেইন কিনোকুনিয়ার বাংলাদেশ শাখা রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহের পাশাপাশি পাঠকদের জন্য সুন্দর ও আরামদায়ক পরিবেশ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও পাঠককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বই পড়ার সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছে কিনোকুনিয়া বাংলাদেশ।
এআর




