- মুঠোফোনের তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য
- গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’ নামে ফাইল
- আলো আসবে গ্রুপের প্রায় শতাধিক সদস্য নজরদারিতে
ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। গ্রেফতারের পর তার ব্যবহৃত মুঠোফোন ও গুগল ড্রাইভের তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে ‘২৪-এর বেঈমান’ নামে একটি ফাইলও রয়েছে। ওই ফাইলে জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকার দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল বলে জানা গেছে। এদিকে, আলো আসবে গ্রুপের প্রায় শতাধিক সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আলোচনায় গুগল ড্রাইভের ফাইল
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গ্রেফতারের আগে জ্যোতি তার ব্যবহৃত মুঠোফোন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের তথ্য সরিয়ে ফেলেছিলেন। তবে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে মুছে ফেলা কিছু তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বিশেষ করে গুগল ড্রাইভে সংরক্ষিত ‘২৪-এর বেঈমান’ শিরোনামের ফাইলটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সেখানে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।
আরও পড়ুন: আ.লীগ নেত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
তবে এসব তথ্যের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, কারা এগুলো সংগ্রহ করেছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এগুলোর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উঠে আসবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির গণমাধ্যমে বলেন, রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া একটি ভিডিওতে তিনি নিজেই শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছিলেন। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন তিনি।

এদিকে, ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যে মামলায় গ্রেফতার জ্যোতি
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার দেখাল ডিবি
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এ মামলায় জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
মামলায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া এবং অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।
‘আলো আসবেই’ গ্রুপ ঘিরে পুরোনো বিতর্ক
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। আওয়ামী লীগপন্থী কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির ওই গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ওই বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্ক্রিনশটগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের সমর্থনকারী শিল্পীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ ওঠে। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
তখন জ্যোতি ফেসবুক লাইভে এসে দাবি করেছিলেন, ওই গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে জানাতেন বলেও বক্তব্য দিয়েছিলেন তিনি।
এদিকে, আলো আসবে গ্রুপ নিয়ে বিতর্কের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিককে নিয়ে একটি গ্রুপ খোলা হয়। এর নাম রাখা হয় ‘আলো আসবেই’। ওই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর শিল্পীদের বিভিন্ন কথোপকথন সামনে আসে।
আরও পড়ুন: দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
গ্রুপটিতে সক্রিয় ছিলেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এর অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন, তাদের চিহ্নিত করে পরবর্তী সময়ে ‘সাইজ করার’ হুমকি ওই গ্রুপে দেওয়া হতো।
আলো আসবে গ্রুপের সদস্যরা নজরদারিতে
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘আলো আসবে’ গ্রুপে সক্রিয় শিল্পী, রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্য সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য আলাদা সেল গঠন করে নজরদারি করা হচ্ছে। একাধিক গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতার সঙ্গে জড়িত প্রতিটি অনলাইন গ্রুপে সক্রিয় থাকা সদস্যদের ওপর নজর রাখা হচ্ছে। তাদের পর্যায়ক্রমে যেকোনো সময় আটক করা হতে পারে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে ভাটারা থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
একেএস/এআর




