তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটি বলেছে, শ্রমিক ও তাদের পরিবারের প্রয়োজনের পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতা বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে হবে। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইএলওর এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া, চলমান শ্রমিক অসন্তোষ এবং এর ফলে শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর পড়া প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানায় আইএলও। মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত মজুরি, শোভন কর্মপরিবেশ ও টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতে লাখ লাখ শ্রমিক কাজ করেন, যাদের বড় অংশই নারী।
ন্যূনতম মজুরি নির্ধারণে আইএলওর ১৩১ নম্বর কনভেনশনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং নিয়মিত সমন্বয়ের প্রক্রিয়া স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক হতে হবে। এ ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।
পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার মতো অর্থনৈতিক বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দেশের সামগ্রিক মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং সমাজের অন্যান্য শ্রেণির মানুষের জীবনযাত্রার তুলনামূলক মান বিবেচনায় রাখার কথা বলেছে সংস্থাটি।
মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে সরবরাহব্যবস্থার সব অংশীজনের যৌথ দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেছে আইএলও। এ ক্ষেত্রে দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম ও ক্রয়নীতি মজুরি পরিশোধের বাধ্যবাধকতা, শোভন কাজের পরিবেশ এবং পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করতে পারে।
বিবৃতিতে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠন গঠনের অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখার জন্য এসব অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোশাক খাতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইএলও বলেছে, এসব ঘটনার ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর গুরুতর প্রভাব পড়ছে। চলমান উত্তেজনা কমাতে এবং নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দেশের মজুরি নীতি শক্তিশালী করতে বাংলাদেশ সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে আইএলও। এ জন্য কারিগরি সহায়তা, তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সংলাপে সহযোগিতা করবে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, তথ্য-প্রমাণভিত্তিক ও জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি প্রণয়নে ত্রিপক্ষীয় অংশীজনদের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে আইএলও। এ ধরনের নীতি মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়ানোর পাশাপাশি টেকসই শিল্পপ্রতিষ্ঠান এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে।
এএইচ/এএস




