‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রোল বোমা মেরে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষকে আতঙ্কিত করা যাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি এখন প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে রয়েছে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাদের নেত্রী বিদেশে বসে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্যরাও বিদেশ থেকে এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয় নিয়ে কাজ করছে। আইনের দীর্ঘ হাতের মাধ্যমে তাদের ধরা হবে। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের জায়গা নেই। তাদের এসব কর্মকাণ্ডের অবসান হবে। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সীমিত হয়ে এসেছে। কোথাও পেট্রোল বোমা মেরে, কোথাও আগুন জ্বালিয়ে পালিয়ে যাচ্ছে তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষের কর্মকাণ্ডে দেশের মানুষ কখনো আতঙ্কিত হবে না। বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে, দেশ এমন একটি নতুন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে, যেখানে সবার জন্য সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে গড়ে উঠছে, যে দেশ নিয়ে সবাই গর্ব করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এএইচ/এসআই




