বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ
পাবনা রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের লালিল স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পাবনাবাসীর। অবশেষে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে আন্তনগর ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি নিয়মিত চলাচল শুরু করবে। 

নতুন এই রেলসেবা চালু উপলক্ষে পাবনা রেলস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রেলসেবার উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এতে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে।

রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, আমরা অনেক আগেই জোড়া তালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করা। প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আন্দিত।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। সেই দাবি বাস্তবায়নে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করেছেন। অবশেষে ট্রেন চালুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

উল্লেখ্য, পাবনার রেল যোগাযোগের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেলপথের যাত্রা ও বিস্তার শুরু হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। 

তবে এত কিছুর পরও দীর্ঘকাল ধরে পাবনা জেলা সদর রাজধানীর সঙ্গে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের বাইরে ছিল। ফলে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে জেলার বাসিন্দাদের সড়কপথ কিংবা বিকল্প রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো।

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর