বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মালিবাগ ফ্লাইওভারে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

মালিবাগ ফ্লাইওভারে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
মালিবাগ-মগবাজার ফ্লাইওভারে রাতের দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানাধীন মৌচাক মোড়সংলগ্ন মালিবাগ ফ্লাইওভারের দ্বিতীয় তলার একটি বিমের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে হাত-পা বাঁকানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। নারীর শরীর ফুলে গিয়েছিল এবং বিভিন্ন স্থানে পোকা ধরেছিল। উদ্ধারের সময় তার পরনে সবুজ রঙের একটি জামা ও প্যান্ট ছিল। দীর্ঘদিন পড়ে থাকায় পোশাকগুলো শরীরের সঙ্গে লেগে গিয়েছিল।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন। তিনি মালিবাগ ফ্লাইওভারের বিমের ওপর ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসআই রাশেদুল ইসলাম আরও জানান, এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর