বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ

থাইল্যান্ডে তৈরি বলে বাজারজাত করা হচ্ছিল বাংলাদেশে উৎপাদিত নকল ‘ডাবল এ’ (Double A) ব্র্যান্ডের কাগজ। পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে এমন ৪৪৪ রিম কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়।

সিআইআইডি জানায়, অভিযানে আটক কাগজের প্যাকেটে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নামের পাশাপাশি ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা ছিল। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, কাগজগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশে তৈরি। অর্থাৎ, দেশেই উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।

দুটি অভিযানের মধ্যে প্রথমটিতে ১৮৪ রিম এবং দ্বিতীয়টিতে ২৬০ রিম কাগজ আটক করা হয়। সব মিলিয়ে আটক কাগজের পরিমাণ ৪৪৪ রিম।

অধিদফতরের মতে, দেশীয় পণ্যকে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পণ্য হিসেবে পরিচয় করিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এতে একদিকে ভোক্তারা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন, অন্যদিকে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

সিআইআইডি ধারণা করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও একাধিক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। এসব প্রতিষ্ঠানের পরিচয় শনাক্তে তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর