বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে শুরু হওয়া এই উত্তেজনা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, বুধবার সকালের দিকে জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রম বন্ধের চেষ্টা করেন আন্দোলনকারী শ্রমিকরা। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে নিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী নারী শ্রমিকদের লাঞ্ছিত করেন, এমন অভিযোগে শ্রমিকদের সঙ্গে নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় তারা উভয়কে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজনা ধামাতে ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এজন্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওই দুই এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের এডিসি জাহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা নেমেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর