চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে মোট ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হয়েছে।
অথচ এই সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির কোনো অর্থই ব্যয় করতে পারেনি। অন্যদিকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। আগের চার অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এডিপি বাস্তবায়নের হারও কম।
রোববার (১৪ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির আকার ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ ব্যয়ের জন্য মোট ১ হাজার ১৭২টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প রয়েছে ৫৩টি।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ৬ দশমিক ৫৩ শতাংশ। অথচ ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে ১১ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১২ দশমিক ৬৪ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। অর্থাৎ ধারাবাহিকভাবে আগের কয়েক বছরের তুলনায় এবার প্রথম চার মাসে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি কমেছে।
এদিকে প্রথম চার মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে এ বিভাগের ২০১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে বিভাগের বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
অন্যদিকে বড় বরাদ্দ থাকা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন চিত্র বেশ হতাশাজনক। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। কিন্তু প্রথম চার মাসে ব্যয় হয়েছে মাত্র ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দের বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের মধ্যে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা।
স্বাস্থ্য খাতেও এডিপি বাস্তবায়নের গতি কম। স্বাস্থ্য সেবা বিভাগের ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের মধ্যে ব্যয় হয়েছে ১৫৮ কোটি ২৮ লাখ টাকা। রেলপথ মন্ত্রণালয়ের ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
এএইচ/এফএ




