আগামী মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের কার্যক্রমে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নে সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না। হলে, তা কী এবং খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কি না।
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ধান ও চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাঠপর্যায় থেকে প্রাপ্ত ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগির গোপালগঞ্জ জেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হবে।
এমএইচএইচ/এআর




