বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে তাদের সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে রাখা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে। প্রকাশনাটির দেশভিত্তিক সূচিতে বাংলাদেশ থেকে এই তিনজনের নাম রয়েছে। ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা আগের বছরও তালিকায় স্থান পেয়েছিলেন।
ড. হামিদা হোসেন বাংলাদেশের মানবাধিকার ও নারী অধিকার আন্দোলনের পরিচিত মুখ। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার, নারী অধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করছেন। এ বিষয়ে তাঁর একাধিক বই ও গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মানবাধিকার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘অনন্যা শীর্ষ দশ’ সম্মাননা লাভ করেন। ২০২১ সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (বিডিআই) আজীবন সম্মাননাও পান।
১৯৩৬ সালের ২৮ ডিসেম্বর পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন হামিদা হোসেন। তাঁর বাবা আবদুল্লাহ শফি মোহাম্মদ আকন্দ ছিলেন একজন বিচারক। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
১৯৬২ সালে বাংলাদেশে বেড়াতে এলেও ১৯৬৫ সালে স্থায়ীভাবে এ দেশে বসবাস শুরু করেন তিনি। একই বছর বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ড. কামাল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে সারা হোসেনও পেশায় আইনজীবী ও লেখক।
১৯৬৯ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহানের সঙ্গে যৌথভাবে ইংরেজি সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠা করেন হামিদা হোসেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে সমসাময়িক বিষয়াবলি নিয়ে প্রকাশিত সাময়িকীটি ১৯৭১ সালে বন্ধ হয়ে যায়। তিনি কারিকার মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সেন্টার ফর সেক্যুলার স্পেসের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের দ্বিতীয় নারী রাজিয়া সুলতানা একজন আইনজীবী, মানবাধিকারকর্মী ও গবেষক। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং বিশেষ করে নারী ও শিশুদের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে কাজ করছেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে জন্ম নেওয়া রাজিয়া বর্তমানে বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত। রোহিঙ্গা শরণার্থীশিবিরে নারী ও মেয়েদের নিয়ে কাজ করার পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা নারীদের অভিজ্ঞতা ও নির্যাতনের বিবরণ নথিবদ্ধ করেছেন।
রোহিঙ্গা নারীদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতার ঘটনা অনুসন্ধানে তিনি শত শত নারীর সাক্ষাৎকার নিয়েছেন। তাঁর প্রকাশিত দুটি গবেষণাধর্মী প্রতিবেদনে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় যৌন সহিংসতার ব্যাপক ও পদ্ধতিগত ব্যবহারের চিত্র উঠে আসে। প্রতিবেদন দুটি প্রকাশিত হয় ২০১৭ সালে এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।
রাজিয়া সুলতানা ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সমন্বয়ক, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নারী বিভাগের পরিচালক এবং রোহিঙ্গা নারী কল্যাণের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি কালাদান প্রেসের জ্যেষ্ঠ গবেষক হিসেবে কাজ করছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার লাভ করেন।
জেবি




