নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৪) নভেম্বর দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত ছোটন গ্রামের বাড়ি রংপুরে। তার বাবার নাম আব্দুস সামাদ। তিনি দুই ভাইয়ের মধ্যে ছোটন ছিলেন। ছোটন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকাতেই বর্তমানে বসবাস করতেন। সেখানে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।
ছোটনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মাহমুদুল হাসান জানান, আমরা একই কুরিয়ার সার্ভিসে কাজ করি। তবে আমাদের আলাদা এরিয়া। আজ দুপুর আনুমানিক ১টার দিকে ছোটন আহমেদ মোটরসাইকেল চালিয়ে সোনারগাঁও থানাধীন মেঘনা সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং আমাদের অফিসে ঘটনাটি জানায়। পরবর্তীতে অফিস থেকে আমাদের বিষয়টি জানালে আমরা সেই হাসপাতালে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এসআই




