শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

হংকং থেকে মসলার আড়ালে অবৈধ সিসা আমদানি, ৩০ কেজিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

হংকং থেকে মসলার আড়ালে অবৈধ সিসা আমদানি, ৩০ কেজিসহ গ্রেফতার ৩
হংকং থেকে মসলার আড়ালে আমদানি করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

হংকং থেকে মসলার আড়ালে আমদানি করা ৩০ কেজি অবৈধ সিসাসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), মো. শাকিল আহমেদ (৩২) ও মো. মেহেদী হাসান (৪৬)।

শুক্রবার (১২ নভেম্বর) ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।

মেহেদী হাসান বলেন, প্রায় দুই মাসের গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিসার অবৈধ আমদানি ও সরবরাহে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়া যায়। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গোয়েন্দা দল চক্রটির সদস্যদের শনাক্ত করে।

পরে ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন গোয়েন্দা সদস্যরা। অর্ডার দেওয়ার পর থেকে আমদানি ও সরবরাহের পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে অর্ডার করা পাঁচ কেজি সিসা সংগ্রহের সময় আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশার সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, গত ১১ নভেম্বর রাতে তার নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের একটি ভবনে আস-সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখান থেকে মো. সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব সিসা সংগ্রহ করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় সিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিজের এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসাগুলো বাংলাদেশে আমদানি করতেন। পরে সেগুলো শাকিল আহমেদের কাছে সরবরাহ করা হতো। শাকিলের মাধ্যমে এসব সিসা পৌঁছাত সোলায়মানের কাছে।

ডিএনসি জানায়, গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সঙ্গে সিসা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে সিসার অবৈধ ব্যবসা করে আসছিলেন। এ চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মেহেদী হাসান বলেন, উদ্ধার করা সিসার উৎস ও আমদানি প্রক্রিয়া নিয়ে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব পণ্য দেশে আনা হয়েছে, আমদানির সময় শুল্ক ও ভ্যাট পরিশোধ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় মামলা করা হয়েছে। মামলাটি ডিএনসির একজন কর্মকর্তা তদন্ত করছেন।

ডিএনসি জানিয়েছে, চক্রের পলাতক সদস্যসহ এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং অভিযান অব্যাহত থাকবে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর