শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ নয়, যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ নয়, যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা।

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধের পরিবর্তে শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। একই সঙ্গে আন্দোলনে গ্রেফতার হওয়া ট্রেড ইউনিয়ন নেতা-কর্মী ও শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্য, ‘বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের কাছে একাধিকবার স্মারকলিপিও দেওয়া হয়েছে।’

আবুল কালাম বলেন, ‘শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সর্বশেষ শ্রম আইন সংশোধনের মাধ্যমে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান করা হয়েছে। ২০২৪ সালে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় এই হার ছিল অত্যন্ত কম। ২০২৩ সালে শ্রমিকদের মজুরি যৌক্তিকভাবে নির্ধারিত না হওয়ায় তখন থেকেই অসন্তোষের সূত্রপাত ঘটে।’

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন এবং বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোর মতামতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। এ জন্য সরকারকে ধন্যবাদও জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা।

এই শ্রমিক নেতা বলেন, ‘শ্রমিকদের প্রত্যাশা, জীবনযাত্রার ব্যয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকাশিত গবেষণা ও তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড একটি যৌক্তিক সুপারিশ করবে বলে তারা আশা করছেন। সরকার ইতিমধ্যে জানিয়েছে, নতুন নির্ধারিত মজুরি ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর হবে।’

তিনি বলেন, ‘শুধু মজুরি বাড়ালেই শ্রমিকদের সামগ্রিক সমস্যার সমাধান হবে না। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করার মতো বিষয়গুলোতেও স্থায়ী সমাধান প্রয়োজন। শ্রমিকদের কর্মক্ষেত্র ও কর্মক্ষেত্রের বাইরের সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’

কারখানা বন্ধের বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘কারখানা বন্ধ করে শ্রমিক অসন্তোষ নিরসন করা সম্ভব নয়। এতে বরং শ্রমিকদের অনিশ্চয়তা ও ক্ষোভ আরও বাড়বে।’

বিভিন্নভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানির তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি শ্রমিকদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি, অপতৎপরতা কিংবা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শ্রমিকদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেসব ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিককে হয়রানি এবং গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কেউ প্রকৃতপক্ষে কারখানা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তবে তাদের দাবি, এসব ঘটনায় কোনো শ্রমিক জড়িত নন।’

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বর তৈরি পোশাকশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের বড় ধরনের ক্ষতি হবে, যার প্রভাব পড়বে শ্রমিকদের জীবন-জীবিকায়। এ শিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ শ্রমিকের ভাগ্য জড়িত। তাই উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এসময় গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবি করেন সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। একই সঙ্গে মজুরি বোর্ডের সিদ্ধান্ত আসা পর্যন্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নাজমা আক্তার বলেন, ‘ইতোমধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং দ্রুতগতিতে এর কার্যক্রম এগিয়ে চলছে। বোর্ড গঠনের পর ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। মজুরি বোর্ডের ঘোষিত মজুরি যদি শ্রমিকদের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে পরবর্তী সময়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’

ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডকে কাজ শেষ করার জন্য সময় দেওয়ার আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার। একই সঙ্গে শ্রমিকদের কারখানায় ফিরে গিয়ে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়ে গ্রেফতার হওয়া শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৭ হাজার টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব এসেছে। এসব দাবি ও প্রস্তাব বিবেচনায় নিয়ে বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে।’

সংবাদ সম্মেলনে পোশাকশিল্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কারখানা সচল রাখতে শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুল ইসলাম। একই সঙ্গে দ্রুততম সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং গ্রেফতার হওয়া শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার কথা বলেছেন। তাই এ সময়ের মধ্যে শিল্পের স্বার্থ এবং শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

আতিকুর রহমান আরও বলেন, ‘আমাদের পোশাকশিল্প নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এসব পরিস্থিতি থেকে দেশের প্রধান রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাকশিল্পকে রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হলে এবং কর্মপরিবেশ স্বাভাবিক থাকলে দেশের রপ্তানি খাতও স্থিতিশীল থাকবে। এ জন্য সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। এতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, স্বাধীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সমাজতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল প্রমুখ বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি রুহুল আমিন,জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন, জাতীয় নিটওয়্যার শ্রমিক ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লেবার ফেডারেশনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি মো. সাইফুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন প্রমুখ।

সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতিও শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র ও কর্মক্ষেত্রের বাইরের সমস্যাগুলো দ্রুত সমাধানে মালিকদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে- ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (জিস্কপ), গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ও গার্মেন্টস শ্রমিক পরিষদসহ অন্যান্য সংগঠন।

এমআইকে/এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর