জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। এ জন্য চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তন জরুরি। দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং এ খাতে সরকারের বিপুল বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব হয় না।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।
এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কাজের অজুহাতে সেখান থেকে চলে যান। এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব।
পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে বিদ্যমান সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
জেবি




