বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছর
ফাইল ছবি

নিজস্ব জমি রয়েছে- এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেবে সরকার। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আগামী বছর থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। 

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সঠিক জমিতে বাড়ি নির্মাণ নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে- এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ইতোমধ্যে এ পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী বছর থেকে এ পর্যায়ের বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’

আগের প্রকল্পের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ‘জমির মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এ সমস্যা সমাধানে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে- এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে আবাসন সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে কয়েকশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত, ভেঙে ফেলা বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মন্ত্রণালয়ে পাওয়া গেছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অনেক কমপ্লেক্স মেরামতের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে এসব মেরামতের কাজ সম্পন্ন করা হবে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি যথাযথভাবে মেরামত করে ব্যবহার উপযোগী করতে শিগগিরই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া কমপ্লেক্সটিতে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এর স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর