১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমানপত্র থাকার পরও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার অভিযোগ করেছেন মানিকগঞ্জের তিন ব্যক্তি। এই তিনজন বিভিন্ন দফতরে আবেদন করেও স্বীকৃতি না পেয়ে শেষ বয়সে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদিক সম্মেলনে করে এক লিখিত বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান তারা।
ওই তিনজন হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দীয়াবাড়ি গ্রামের মৃত ওয়াজউদ্দিন চৌধুরী ছেলে মো. শহজাহান চৌধুরী, একই উপজেলার কুমারদহ গ্রামের মৃত কাজী আব্দুর রশিদের ছেলে কাজী শরীফ উদ্দিন, ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের মৃত ডাক্তার তালেবর আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান বাচ্চু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য থেকে জানা যায়, ১৯৭১ সালে তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রও তাদের কাছে রয়েছে। এরপরও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার আশায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি তারা।
তারা আরও বলেন, জীবনের দীর্ঘ সময় পার করে এখন বার্ধক্যে পৌঁছেছি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বেদনা আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। জীবনের শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়াই আমাদের একমাত্র প্রত্যাশা।
এই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তারা।
প্রতিনিধি/এএইচ



