মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘পেট্রোবাংলায় নতুন কর্মকর্তাদের মুনাফা বঞ্চিত করার অভিযোগ ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

‘পেট্রোবাংলায় নতুন কর্মকর্তাদের মুনাফা বঞ্চিত করার অভিযোগ ভিত্তিহীন’

পেট্রোবাংলার অধীন বিভিন্ন কোম্পানিতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বার্ষিক মুনাফার অংশ (ডব্লিউপিপিএফ) থেকে বঞ্চিত করার অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, একপাক্ষিক ও বাস্তবতাবর্জিত বলে দাবি করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্মচারী ইউনিয়ন। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট অর্থবছরে প্রয়োজনীয় চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় নতুন কর্মকর্তারা আইন অনুযায়ী এ সুবিধা পাওয়ার যোগ্য নন।

গত ৩০ অক্টোবর ঢাকা মেইলে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে পাঠানো চিঠিতে এই দাবি জানায় সংগঠনটি। এতে স্বাক্ষর করেন পিজিসিএল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. ছাইফুল্লাহ আহমেদ।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৩০ অক্টোবর ঢাকা মেইলে ‘পেট্রোবাংলায় নতুন কর্মকর্তাদের মুনাফা বঞ্চিত করার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে কিছু নতুন কর্মকর্তার ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে পিজিসিএল কর্মচারী ইউনিয়নকে জড়িয়ে অসত্য ও কুরুচিপূর্ণ মন্তব্যও করা হয়েছে।

ইউনিয়নের দাবি, পেট্রোবাংলার অধীন প্রতিটি কোম্পানি প্রচলিত শ্রম আইন, শ্রম বিধিমালা ও নিজস্ব চাকরির প্রবিধানমালা অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে মুনাফা বণ্টন করে থাকে। ট্রাস্টি বোর্ডগুলোও আইনের প্রতি শ্রদ্ধা রেখে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট অর্থবছরে নতুন কর্মকর্তাদের প্রয়োজনীয় চাকরির মেয়াদ—যেমন নয় মাস—পূর্ণ না হওয়ায় তারা আইন অনুযায়ী ওই সুবিধা পাওয়ার যোগ্য নন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, একটি পক্ষ নিয়মবহির্ভূত সুবিধা আদায়ের উদ্দেশে চাপ সৃষ্টি করতে ভুল তথ্য ছড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। পেট্রোবাংলা ও এর অধীন পিজিসিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

Petro

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ও অপপ্রচারে জড়িত থাকার অভিযোগও তুলেছে ইউনিয়ন। তাদের দাবি, ওই কর্মকর্তাদের অনেকে ইতোমধ্যে অন্য চাকরিতে চলে গেছেন। বর্তমানে কর্মরতদের কেউ কেউ যেকোনো সময় চলে যাওয়ার মানসিকতা নিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, সত্যতা যাচাই না করে একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় পেট্রোবাংলা ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পিজিসিএল কর্মচারী ইউনিয়নের সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এ অবস্থায় প্রকাশিত সংবাদটির যথাযথ প্রতিবাদ বা সংশোধনী প্রকাশ এবং পাঠকদের বিভ্রান্তি দূর করতে প্রতিবাদলিপিটি গুরুত্বের সঙ্গে প্রকাশের অনুরোধ জানায় সংগঠনটি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর