স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এর ফলে দেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভরশীল হতে বাধ্য হয়েছিল। গ্রামীণ মানুষের চিকিৎসাসেবাও ওই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি, খনিজ সম্পদ ও শিল্প খাতকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যাতে দেশীয় শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

তারেক রহমান বলেন, একইভাবে ওই সময়ে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকেও তিলে তিলে ধ্বংস করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে যে অবস্থায় ছিল, তা-ও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাব্যবস্থাকে এমনভাবে দুর্বল করা হয়েছিল যে, বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হতে হয়েছে।
সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধী দলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এদিকে শ্রমজীবী মানুষের জন্য স্বল্পমূল্যে সুচিকিৎসা নিশ্চিত করতে প্রাথমিকভাবে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট পৃথক হাসপাতাল নির্মাণে সরকার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাব তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতাল ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সরকারের সেই উদ্যোগের অংশ।
জেবি




