রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সনি আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আট থেকে ১০ জন জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শনিবার (০৮ নভেম্বর) রাতে উত্তরা ৮ নম্বর সেক্টরসংলগ্ন রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত সনি আক্তারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার দুই পা ও গলায় এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত সনি আক্তার নিজেও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসার বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দক্ষিণখান থানার ওসি মো. ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এমআইকে/এএস




