রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাসা (টিনশেড) থেকে সঞ্জয় চন্দ্র দাস (৩৪) নামে জার্মান প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭) নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢামেকে নেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে রোগীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সঞ্জয় চন্দ্র দাস।
নিহতের ভাতিজা তুষার জানান, আমার চাচা প্রায় আট বছর জার্মানিতে ছিলেন। আজ বিকেলের দিকে চাচির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তিনি নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন। পরে আমরা দেখতে পেয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমার চাচার নিজ বাসা মধ্য বাড্ডার ২০৭নং টিনশেড বাসা। বাবার নাম মৃত মোহন দাস।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পর ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এএইচ




