সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগে ছড়িয়ে পড়া ছবি ও তথ্যের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের সাতটি থানার কোথাও এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজের বিরুদ্ধে ওই নারীকে মারধরের অভিযোগসংবলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে ডিএমপির মিরপুর বিভাগ। প্রাথমিক অনুসন্ধানে বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এমনকি শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় গেছেন, এমন তথ্যও পুলিশের কাছে নেই।
ডিএমপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট নারীর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
এ অবস্থায় যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
পাশাপাশি শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে অথবা তার পরিচয়, অবস্থান কিংবা ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা থাকলে তা মিরপুর মডেল থানার ওসি অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
এসআই




