রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের বেপরোয়া প্রতিযোগিতার সময় ধাক্কায় অটোরিকশা ও মিশুক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সিএনজিচালক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সিএনজিচালকের নাম সুভাষ চন্দ্র (৩৬)।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় জাকির ও জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত সুভাষ বর্তমানে ওই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তার বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত রাতে পোস্তগোলা গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে দুটি ট্রাক দ্রুতগতিতে প্রতিযোগিতা করে যাওয়ার সময় ট্রাক দুটির পাশে থাকা অটোরিকশা ও মিশুকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও মিশুকের দুই চালক পাশের খাদে পড়ে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তারা আর বেঁচে নেই।
মাহিন আরও জানান, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার রসুলপুর গ্রামে। তার দাদার নাম মিন্নাত আলী। বর্তমানে তারা কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তারা পাঁচ ভাই-বোন।
অন্যদিকে, নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, তার স্বামী পেশায় মিশুকচালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তার স্বামীর মৃত্যু হয়েছে।
হাওয়া বেগম জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়। তার শ্বশুরের নাম শাহ আলম পোদ্দার। বর্তমানে তারা কদমতলী এলাকায় বসবাস করেন।
এ দুর্ঘটনায় আহত সিএনজিচালক সুভাষ চন্দ্র (৩৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, পোস্তগোলা গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে পাশে থাকা অটোরিকশা ও মিশুকের দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এমএমআর/এসআই




