রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে টহলরত পুলিশের গাড়িরচালক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন- মো. এনামুল। তিনি ক্যান্টমেন্ট থানায় কন্সটেবল হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে অগ্রসর হচ্ছিল। মোটরসাইকেল বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেল বহরের মধ্য থেকে টহল ডিউটিতে কর্তব্যরত ক্যান্টনমেন্ট থানার ‘গলফ ক্লাব ৮৩’ মোবাইল গাড়িকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে।
এতে পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল এনামুল বাম চোখে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে এ পাঠিয়ে দেন চিকিৎসকরা।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয় যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
একেএস/এসআই




