বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সচিবালয় থেকে হাসপাতাল: এক ঐতিহাসিক ভবনের গল্প

এ এফ এম সাব্বির হোসাইন
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

সচিবালয় থেকে হাসপাতাল: এক ঐতিহাসিক ভবনের গল্প
ঢাকা মেডিকেলের পুরনো মূল ভবন। ছবি: ঢাকা মেইল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো যে মূল ভবনটি, সেটি কেবল চিকিৎসাসেবার একটি স্থাপনা নয়; এর দেয়ালে জড়িয়ে আছে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়। আজ যেখানে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন, একসময় সেখান থেকেই পরিচালিত হতো একটি প্রদেশের প্রশাসনিক কার্যক্রম। বঙ্গভঙ্গের পটভূমিতে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার আগেই, ১৯০৪ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। সময়ের পরিক্রমায় প্রশাসনিক ভবনের পরিচয় পেরিয়ে এটি হয়ে ওঠে চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহাসিক মূল ভবন।

ইউরোপীয় স্থাপত্যরীতিতে নির্মিত দোতলা ভবনটি ছিল তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণার পর ভবনটির প্রশাসনিক গুরুত্ব কমে যায়।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভবনটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। এর বিভিন্ন অংশে পরিচালিত হতো কলা অনুষদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এবং মুসলিম হলের কার্যক্রম।

আরও পড়ুন

যেভাবে বাগ-ই-বাদশাহী হয়ে উঠল শাহবাগ

দুই গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে উসমানী উদ্যান

১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় উদ্যোগটি পিছিয়ে যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভবনটির মেডিক্যাল সেন্টার অংশটি আমেরিকান সামরিক বাহিনী ১০০ শয্যার হাসপাতালে রূপান্তর করে। ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এরপর আমেরিকান সামরিক বাহিনী ভবনটি ছেড়ে চলে যায়।

অবশেষে ১৯৪৬ সালের ১০ জুলাই মেজর ডব্লিউ জে ভার্জিনকে প্রথম অধ্যক্ষ করে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিক্যাল কলেজ। শুরু হয় ভবনটির নতুন অধ্যায়।

একসময় যে ভবন থেকে পরিচালিত হতো প্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রম, আজ সেখানে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ। সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়, সামরিক হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ—সময় বদলেছে, বদলেছে ভবনের পরিচয়। তবে ১৯০৪ সালে নির্মিত এই ঐতিহাসিক ভবন আজও ঢাকার ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর