সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
এলিজা জামান

ত্রয়োদশ সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান বলেন, ‘আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি। কিছুক্ষণের মধ্যে নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

ইসির এই কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

১২ নভেম্বর ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ায় সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হল এলিজা জামানকে।

এমএইচএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর