আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও দেশটিতে ফেরত নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক দুটি অভিযানে ৪ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে। এগুলোর মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম।
রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে এ ঘটনা উদ্ঘাটন করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে অফলোড করা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর সহযোগিতায় ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।
এদিকে, একই সময়ে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসব ডিমের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, দুটি অভিযানে উদ্ধার করা ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
স্বর্ণের প্রকৃত উৎস, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/এএস




