রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা হবে: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা হবে: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, ঢাকায় আগে ৯৮ রুটে বাস চলতো। এখন তা কমিয়ে ৩২টি রুট করা হয়েছে। এসব রুটের মধ্যে আপাতত ছয়টিতে রেশনালাইজেশনের মাধ্যমে বাস চলাচল করবে। পরে পর্যায়ক্রমে অন্য রুটগুলোতেও বাস চালু হবে। তবে এ প্রকল্পে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় একটি জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে। 

রোববার (১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা রুট রেশনালাইজেশন পদ্ধতিতে বাস সার্ভিস চালুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ কমিশনার।  

এসময় তিনি বলেন, ঢাকা শহরের ২৫টি চক্রাকার বাস রুটের মধ্যে পাঁচটি রুটকে প্রাথমিকভাবে পাইলটিংয়ের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে আজ একটি রুটের কার্যক্রম শুরু হবে। সব মিলিয়ে আজ সাতটি রুটে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মহানগরীতে একটি আধুনিক, পরিকল্পিত, সমন্বিত ও বিশ্বমানের গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

কমিশনার বলেন, আমরা যে ৩২টি রুট নির্ধারণ করেছি, সেসব রুটের বাসের জন্য থাকবে ৩২টি ভিন্ন রং। তবে আজ সময়ের স্বল্পতার কারণে পাইলটিংয়ের আওতায় থাকা ছয়টি রুট এবং একটি চক্রাকার রুটের বাসে এখনো রং করা সম্ভব হয়নি। খুব দ্রুত এসব বাসেও নির্ধারিত রং করা হবে। প্রতিটি রুটের বাসের জন্য আলাদা রং ও রুট নম্বর থাকবে। বাসের সামনে রুট নম্বর প্রদর্শন করা হবে। পাশাপাশি বাসগুলো কোন রুটে চলাচল করছে, তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, নগরবাসী যেন শুধু বাসের রং দেখেই বুঝতে পারেন সেটি কোন রুটের বাস। এ ছাড়া বাসের সামনে ও পেছনে থাকা রুট নম্বর এবং সামনের ডিজিটাল ডিসপ্লে দেখেও যাত্রীরা সহজেই বাসের রুট সম্পর্কে জানতে পারবেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, নগরবাসীর প্রতি অনুরোধ জানাতে চাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল ও আধুনিক করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আপনারা সহযোগিতা করবেন।

নগরবাসীকে অনুরোধ করব, আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের জন্য নির্ধারিত বাস রুটগুলো ব্যবহার করবেন। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি সুন্দর, আধুনিক ও সুশৃঙ্খল ঢাকা শহর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক পরিবহণের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগের সচিব মো. আনিসুর রহমান, সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ার মো. হাবীবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ইসলাম, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর