আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের রাজধানীর ধানমন্ডির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অবিস্ফোরিত ককটেলও পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বিচারকের বাসার সামনে দুর্বৃত্তরা চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।’
তিনি আরও জানান, বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাছিদ জানান, তার বাবা জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বাসার সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।
তিনি বলেন, ‘জুমার নামাজের ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা ধানমন্ডির বাসার সামনে তিনটি ককটেল ছুড়ে মারে।
‘এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত থেকে যায়।’
ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএনবি/এএম




