রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে চার হাজার ৫০৫ পিস ইয়াবাসহ লাভলী আক্তার ওরফে সাথী (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোরব) দুপুরের দিকে যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে সাথীকে আটক করে এসআরবি-১০-এর একটি আভিযানিক দল।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
তিনি জানান, গ্রেফতারকৃত লাভলী আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এসআরবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এমআইকে/এসআই




