রাজধানীর উত্তরখান থানাধীন ময়নার টেক বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মো. খলিলুর রহমান শান্ত (৩৮)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহসভাপতি।
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল উত্তরখান থানা পুলিশের সহায়তায় উত্তরখানের ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে খলিলুরকে গ্রেফতার করে।
শ্রমিক লীগের এই নেতার বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/এএইচ




