মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘প্রেস’ লেখা মাইক্রোবাসে তল্লাশি, ৫২০০ পিস ইয়াবাসহ আটক ভুয়া সাংবাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

‘প্রেস’ লেখা মাইক্রোবাসে তল্লাশি, ৫২০০ পিস ইয়াবাসহ আটক ভুয়া সাংবাদিক
রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক হোসাইন শরীফ ওরফে সোহেল।

রাজধানীর কদমতলীতে ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাস থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল নামে এক ভুয়া সাংবাদিক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ সময় গাড়ি থেকে ক্যামেরা, টিভির বুম ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণী পোল্ডার রোডের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে আসা ‘প্রেস’ লেখা একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গাড়ির স্টিয়ারিংয়ের পাশের একটি বক্সে শপিং ব্যাগের মধ্যে নীল রঙের ২১টি প্যাকেটে ৪ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ছাড়া আটক ব্যক্তির পরিহিত প্যান্টের ডান পকেট থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবার ওজন ৫২০ গ্রাম।

অধিদফতর আরও জানায়, গ্রেফতার সোহেল আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে দাবি করেছেন। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও গাড়িতে প্রেস লেখা ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। 

অভিযানে ইয়াবার পাশাপাশি মাইক্রোবাস, একটি ভিডিও ক্যামেরা, দুটি টিভির বুম এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদক আইনে কদমতলী থানায় মামলা হয়েছে। মামলাটিতে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর