কুড়িগ্রামের উলিপুরে ৫০০ ইয়াবাসহ নয়ন মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২৬টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
ওসি মো. শওকত আলী বলেন, নয়ন মিয়াকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এর আগেও তিনি উলিপুর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশের হাতে মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




