মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১০ প্রাণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১০ প্রাণ 
ছবি: ঢাকা মেইল

গত ২৪ ঘণ্টায় দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে তিনজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে ছয়জন এবং ময়মনসিংহের ত্রিশালে একজন নিহত হয়েছেন।  রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের এক কার্যসহকারী এবং একজন শ্রমিক রয়েছেন।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় ছয়জন নিহত

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর লরি উঠে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার রয়্যাল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে ফাতেমা, আবুল হোসেন, আজহারুল ও শিশু রাকিবের পরিচয় জানা গেছে। তাদের সবার বাড়ি নেত্রকোনায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ত্রুটি মেরামতের সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।

চৌদ্দগ্রামে তিনজন নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌরসভার কার্যসহকারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরঞ্জন কুমার।

নিহত ব্যক্তিরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের কাজীপাড়ার ধন মিয়ার ছেলে জিএম সেলিম (৪৫), উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামের নজির আহমেদ (৯৬) এবং মাদারীপুরের শিবচর থানার সিরাআইল গ্রামের শাহজাহান মাতব্বরের ছেলে ইমরান হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিএম সেলিম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। সেলিম বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে সোমবার ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ড ভ্যানের পাংচার হওয়া চাকা মেরামত করছিলেন চালক ইমরান হোসেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রোববার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ত্রিশালে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাস ও লেগুনার সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার রাত আটটার দিকে উপজেলার উকিলবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি উকিলবাড়ী এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর